কবিগুরুর সুরে মাতৃবন্দনা, মানবিকতার বার্তায় উজ্জ্বল ভারতীয় মানবাধিকার এসোসিয়েশনের বিশেষ অনুষ্ঠান

নিউজ 61 লাইভ প্রতিনিধি কাজল রায় চৌধুরী 11 মে 2026 রূপনারায়নপুর। পশ্চিম বর্ধমান জেলায় এক অনন্য সাংস্কৃতিক আবহে রবিবার পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক মাতৃদিবস। ভারতীয় মানবাধিকার এসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান পরিণত হয় সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক মিলনমেলায়। কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাতৃত্বের মর্যাদাকে সম্মান জানিয়ে চলে নানা আয়োজন।অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করেন উপস্থিত অতিথিরা। শ্রদ্ধাঞ্জলির এই পর্বে অংশ নেন সংস্থার মহাপরিচালক ডা. বিনয় কুমার, বিশিষ্ট চিকিৎসক ডা. অনুরাগ কুমার, এএনও মিতালি রায়, সমাজকর্মী চন্দ্র দত্ত এবং জেলা সম্পাদক সতীশ পান্ডে। তাঁদের বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথের সাহিত্যচেতনা, মানবতাবাদ এবং সমাজ সংস্কারে তাঁর অসামান্য অবদানের কথা।সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সংগঠনের জনসংযোগ আধিকারিক অশোক কুমার সিনহা। তিনি বলেন, “রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি নন, তিনি বাঙালির আত্মার প্রতিচ্ছবি। তাঁর আদর্শ আজও সমাজকে আলোকিত করে।”সাংস্কৃতিক পর্ব ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ছোট ছোট শিশুদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা। “আগুনের পরশমণি” থেকে শুরু করে বিভিন্ন দেশাত্মবোধক ও মানবিক চেতনার গানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। শিশু শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা সকলের প্রশংসা কুড়িয়ে নেয়।মাতৃদিবস উপলক্ষে মায়েদের সম্মান জানাতে বিশেষ পর্বের আয়োজন করা হয়। সেখানে মাতৃত্বের ত্যাগ, ভালোবাসা ও সমাজ গঠনে মায়েদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত বহু মাকে সম্মাননা দিয়েও অভিবাদন জানানো হয়।এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সম্পাদক মধুপ সিং, কোষাধ্যক্ষ বিনোদ কুমার, সালানপুর মহিলা সভানেত্রী শ্রাবণী দাস, উত্তীয় লস্কর, মানিকান্ত শর্মা, অধ্যাপক কৃষ্ণ কুমার দ্বিবেদী, ধর্মেন্দ্র যাদব, অনুপ চক্রবর্তী, হাপি সাহা ও সমর কুমার সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে যায়। রবীন্দ্রচেতনা ও মাতৃস্নেহের আবেগে ভরপুর এই আয়োজন পশ্চিম বর্ধমানের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিশেষ মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *