নিউজ 61 লাইভ প্রতিনিধি কাজল রায় চৌধুরী 28 জুলাই চিত্তরঞ্জন। ছাত্র-ছাত্রীদের মধ্যে আইনি জ্ঞান, সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল ব্যবহারের বার্তা পৌঁছে দিতে চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলে এক বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করল ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, পশ্চিম বর্ধমান জেলা শাখা। আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের আইন, অধিকার ও অনলাইন নিরাপত্তা সম্পর্কে বাস্তবধর্মী তথ্য তুলে ধরা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (DLSA)-এর সচিব আম্রপালী চক্রবর্তী। তিনি শিক্ষার্থীদের সংবিধান প্রদত্ত অধিকার, শিশু সুরক্ষা আইন, বিনামূল্যে আইনি সহায়তা এবং একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, আইন সম্পর্কে সচেতনতা সমাজকে আরও সুসংহত ও নিরাপদ করে তোলে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিত্তরঞ্জন থানার সাব-ইন্সপেক্টর অর্ণব পাঠক অনলাইন প্রতারণা, ভুয়া ওয়েবসাইট, ওটিপি জালিয়াতি, ব্যাংকিং ফ্রড এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেন। তিনি ব্যক্তিগত তথ্য গোপন রাখার পাশাপাশি সন্দেহজনক অনলাইন কার্যকলাপ দেখলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।অনুষ্ঠানে ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের মণ্ডল সভাপতি ডঃ বিনয় কুমার, জেলা সম্পাদক সতীশ পাণ্ডে এবং জেলা আইনি সম্পাদক অশোক কুমার সিনহা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি সঞ্চালনা করেন অশোক কুমার সিনহা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এস. প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং সংগঠনের এজিএস প্রণব চন্দ, জেলা কোষাধ্যক্ষ বিনোদ কুমার, সাংগঠনিক সম্পাদক অয়ন দাস, সালানপুর মহিলা সম্পাদক শ্রাবণী দাস, অমল কুমার সরকার, ধর্মেন্দ্র যাদব, উপেন্দ্র, হ্যাপি সাহা ও মণিকান্ত শর্মা-সহ বহু সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এদিন অমল কুমার সরকার অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিকে শিক্ষার সহায়ক হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে ডঃ বিনয় কুমার সকল অতিথি, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।
আইন জানুন, সাইবারে থাকুন সুরক্ষিত—চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলে মানবাধিকার অ্যাসোসিয়েশনের সচেতনতামূলক কর্মসূচি
