নিউজ 61 লাইভ প্রতিনিধি কাজল রায় চৌধুরী 3 আগস্ট চিত্তরঞ্জন। ডিজিটাল যুগে নিরাপদ থাকার কৌশল এবং জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে চিত্তরঞ্জনের ডিভি বয়েজ স্কুলে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক শিবির। ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাইবার অপরাধ প্রতিরোধ থেকে শুরু করে ফার্স্ট এইডের ব্যবহারিক প্রশিক্ষণ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের মণ্ডলাধ্যক্ষ ডা. বিনয় কুমার বলেন, বর্তমান প্রজন্মের অধিকাংশ সময়ই কাটে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তাই প্রতারকদের ফাঁদ এড়াতে অনলাইন নিরাপত্তা সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, ওটিপি, পাসওয়ার্ড কিংবা ব্যাংক সংক্রান্ত তথ্য কাউকে না জানানোর পরামর্শ দেন।চিত্তরঞ্জন থানার সাব-ইনস্পেক্টর সম্পদ কুমার ঘোষ সাইবার অপরাধের বিভিন্ন ধরন ও আইনি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সতীশ পান্ডে অনলাইন প্রতারণা, ভুয়ো কল, সোশ্যাল মিডিয়া হ্যাকিং, ডিজিটাল পেমেন্ট জালিয়াতি এবং সাইবার বুলিং থেকে বাঁচার সহজ উপায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।শুধু সাইবার নিরাপত্তাই নয়, সেন্ট জনস অ্যাম্বুলেন্স ব্রিগেডের প্রদীপ কুমার সাহ, জিতেন্দ্র কুমার, অনুপ লাল, রাজকুমার রাম ও ভগবান দাস জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার ব্যবহারিক প্রদর্শনী করেন। দুর্ঘটনা, রক্তপাত বা অচেতন অবস্থায় কীভাবে দ্রুত সহায়তা করতে হয়, তা হাতে-কলমে শেখানো হয় শিক্ষার্থীদের।এদিন অনুষ্ঠানে আইন বিষয়ক সম্পাদক অশোক কুমার সিনহা, জেলা কোষাধ্যক্ষ বিনোদ কুমার, সদস্য উপেন্দ্র কুমার সহ সংগঠনের একাধিক পদাধিকারী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা বাণী শিখা চক্রবর্তী ও প্রবীণ শিক্ষক সংগ্রাম বন এই উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী বলে অভিহিত করেন।
শিক্ষার্থীদের হাতে সাইবার সুরক্ষা ও জীবনরক্ষার পাঠ, ডিভি বয়েজ স্কুলে ব্যতিক্রমী সচেতনতা শিবির
