নিউজ 61 লাইভ প্রতিনিধি কাজল রায় চৌধুরী 20 মে 2026 চিত্তরঞ্জন। রেল নিরাপত্তা ব্যবস্থায় নিরলস কর্মদক্ষতা, গোয়েন্দা তথ্য সংগ্রহে সাফল্য এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সক্রিয় ভূমিকার জন্য আরপিএফ/এসআইবি চিত্তরঞ্জনের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সুব্রত ঘোষাল-কে এপ্রিল ২০২৬ মাসের “ম্যান অফ দ্য মান্থ” সম্মানে ভূষিত করা হয়েছে। তাঁর এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং রেল নিরাপত্তা ব্যবস্থায় নিষ্ঠা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে।২০২৪ সালের এপ্রিল মাস থেকে স্পেশাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (এসআইবি), সিএলডব্লিউ/চিত্তরঞ্জনে কর্মরত সুব্রত ঘোষাল দায়িত্ব পালনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সতর্কতার পরিচয় দিয়ে আসছেন। রেল নিরাপত্তার সঙ্গে যুক্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সঠিক সময়ে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর কার্যক্রম বিশেষভাবে প্রশংসিত হয়েছে।রেল প্রশাসনের তথ্য অনুযায়ী, তিনি রেল পরিষেবা ও কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একাধিক সম্ভাব্য পরিস্থিতির আগাম মূল্যায়ন করে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক করেছেন। এপ্রিল মাসে রেল চলাচল ও নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন বিষয় নিয়ে একাধিক পূর্বাভাসমূলক গোয়েন্দা রিপোর্ট প্রস্তুত করেন, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও সক্রিয় রাখতে সহায়তা করেছে।শুধু তথ্য সংগ্রহেই নয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষার ক্ষেত্রেও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সমন্বয়মূলক কাজ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সাহায্য করেছে।এছাড়াও চিত্তরঞ্জন টাউনশিপ এলাকায় অনুমোদনহীন ধর্মীয় স্থাপনা ও ক্লাব সংক্রান্ত সমীক্ষার কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করে প্রশাসনিক নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করতে ভূমিকা রাখেন তিনি।রেল প্রশাসনের মতে, সুব্রত ঘোষাল-এর তৎপরতা, দূরদর্শিতা এবং কর্মনিষ্ঠা সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর এই অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ চিরেকার মহাপ্রবন্ধক মোহিত চন্দ্রা তাঁকে প্রশংসাপত্র প্রদান করে “ম্যান অফ দ্য মান্থ” সম্মানে সম্মানিত করেন।
সতর্ক নজরদারি ও গোয়েন্দা দক্ষতার স্বীকৃতি, ‘ম্যান অফ দ্য মান্থ’ সম্মানে ভূষিত আরপিএফের সুব্রত ঘোষাল
