সাইবার নিরাপত্তা ও জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসার পাঠ, চিত্তরঞ্জনের ডি.বি. গার্লস স্কুলে সচেতনতা শিবির

নিউজ 61 লাইভ প্রতিনিধি কাজল রায় চৌধুরী 30 জুলাই চিত্তরঞ্জন। বর্তমান ডিজিটাল যুগে পড়ুয়াদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে চিত্তরঞ্জনের ডি.বি. গার্লস স্কুলে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, পশ্চিম বর্ধমান জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাইবার অপরাধ প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা এবং সিপিআর (CPR) প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের মণ্ডল সভাপতি ড. বিনয় কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন থানার সাব-ইনস্পেক্টর অর্ণব পাঠক, সিএলডাব্লিউ-এর সেন্ট জনস অ্যাম্বুলেন্স ব্রিগেডের প্রশিক্ষক জিতেন্দ্র কুমার ও তাঁর সহকর্মীরা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন মণ্ডল।ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সাব-ইনস্পেক্টর অর্ণব পাঠক অনলাইন প্রতারণা, ভুয়ো ফোনকল, ওটিপি শেয়ার করার ঝুঁকি এবং সামাজিক মাধ্যমে নিরাপদ থাকার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সামান্য অসতর্কতাও বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির কারণ হতে পারে। তাই ইন্টারনেট ব্যবহারে সচেতনতা সবচেয়ে বড় প্রতিরক্ষা।এরপর প্রশিক্ষক জিতেন্দ্র কুমার দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থ ব্যক্তিকে কীভাবে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে হয় এবং সঠিকভাবে সিপিআর প্রয়োগ করে জীবন বাঁচানো সম্ভব, তার বাস্তবভিত্তিক প্রদর্শনী করেন। শিক্ষার্থীরাও এই প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ নেয়।ড. বিনয় কুমার বলেন, বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি সাইবার সচেতনতা, মানবাধিকার সম্পর্কে জ্ঞান এবং প্রাথমিক চিকিৎসার দক্ষতা অর্জন অত্যন্ত প্রয়োজন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন মণ্ডল আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি ছাত্রছাত্রীদের বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে সাহায্য করে।এদিন অনুষ্ঠানে ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের জেলা সচিব সতীশ পাণ্ডে, এজিএস প্রণব চন্দ, জেলা কোষাধ্যক্ষ বিনোদ কুমার, সালানপুর মহিলা সচিব শ্রাবণী দাস, অমল সরকার, মণিকান্ত শর্মা-সহ সংগঠনের একাধিক পদাধিকারী ও সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের সম্মান জানানো হয় এবং ছাত্রীদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *